পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ভয়াবহ ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ জুলাই) গভীর রাতে পৌরশহর-সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে বাড়িতে ঢুকে পড়ে ডাকাতরা। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে জিম্মি করে। আলমারির চাবি নিয়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুট করে। এ সময় ওই বাড়িতে থাকা মার্কিন প্রবাসী এক গৃহবধূকে অন্য কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ডাকাতদল।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ, কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সন্দেহভাজন শাকিল ও রাসেল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

0 মন্তব্যসমূহ