খালে গোসল করতে নেমে একই পরিবারের তিন কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু; পরিবারে শোকের ছায়া


 খালে গোসল করতে নেমে মাগুরার মহম্মদপুর উপজেলায় একই পরিবারের তিন কন্যা শিশু ডুবে মারা গেছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মোহাম্মদ সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮) ও মোহাম্মদ তরিকুলের মেয়ে তানহা (৯)। এরা পরস্পর মামাতো ফুপাতো বোন।

পরিবারের সদস্য ও স্থানীয় সুত্র থেকে জানা যায়, শনিবার দুপুরে গোসলের উদ্দেশে বাড়ি থেকে শিশু তিনটি বেরিয়ে চাপাতলা খালের পানিতে গোসল করতে নামে। দুপুর ২টার দিকে বাড়ি থেকে তাদেরকে খুঁজে না পেয়ে খাল পাড়ে খোঁজ করা হয়। পাট ধোয়ার কাজ করা ব্যক্তিরা একজনকে খুঁজে পান। পরে স্থানীয় লোকজন পানিতে নেমে তিন শিশুকে উদ্ধার করেন। দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুর রহমান বলেন, আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তিন শিশুকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি বেলা ১টার পরপর ঘটেছে। তিন শিশু হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, একটি দুর্ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পেছনে কারও কোনো হাত না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ