পঞ্চগড় শহরে যানজট নিরসন ও জনসাধারণের যাতায়াতের ভোগান্তি লাঘবে বহুল প্রত্যাশিত চার লেন সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার শিংপাড়া এলাকায় সড়কের পাশ থেকে বিদ্যুতের খুঁটি অপসারণের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
চৌরঙ্গী মোড় থেকে সদর ইউনিয়নের শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটার সড়কটি চার লেনে উন্নীত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার আলী, নেসকোর ভারপ্রাপ্ত প্রকৌশলী মাসুদ পারভেজসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সওজ সূত্রে জানা যায়, ৪৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ৭৫০ মিটার অংশ হবে ১৫.৬০ মিটার প্রশস্ত এবং বাকি ২ হাজার ২৫০ মিটার অংশ হবে ২০.৩০ মিটার প্রশস্ত। প্রকল্পের আওতায় তিন কিলোমিটার মিডিয়ান, ২ হাজার ২৫০ মিটার হার্ড শোল্ডার এবং ৩০০ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে।
আগে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজটি ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শুরুতে বিলম্ব হওয়ায় নতুন মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। নেসকোকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য আলাদা আর্থিক বরাদ্দও প্রদান করা হয়েছে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “এই সড়ক চার লেনে উন্নীত হলে শহরের সামগ্রিক চিত্র বদলে যাবে। যানজট কমবে, মানুষের দুর্ভোগ কমবে। আগামী কয়েক মাসের মধ্যেই কাজের দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।

0 মন্তব্যসমূহ