গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় একটি বাড়ি থেকে চার নারীসহ এক ইউপি চেয়ারম্যান, এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত ১ টার দিকে উপজেলার কচুয়া হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউপি সদস্য আহসান আলী এবং চার নারী। যাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
সাঘাটা থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে চেয়ারম্যানের বাগানবাড়িতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
অন্যদিকে চেয়ারম্যানপক্ষের দাবি, কচুয়া বাজারের বাসায় একটি নাচ-গানের অনুষ্ঠান চলছিল। এ সময় কিছু ব্যক্তি বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে পুলিশকে খবর দেন। তাদের দাবি, অভিযোগটি ভিত্তিহীন।
এদিকে, ঘটনার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আটককৃত চার নারীর পরিচয়। তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় নানা প্রশ্ন উঠেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

0 মন্তব্যসমূহ