নীলফামারীতে মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকালের দিকে পাকারমাথা এলাকায় পল্লীবিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। এ সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ওই দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেন। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার (জিএম) নুরুজ্জামান মিয়া বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পল্লী বিদ্যুতের অনুমতি ছাড়াই ৩৩ কেভি লাইনের সম্প্রসারণকাজ করছিল। এ সময় ১১ কেভি লাইনের সঙ্গে সংস্পর্শের ঘটনা ঘটলে ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক আখতার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করেন। তবে এ বিষয়ে কথা বলার একপর্যায়ে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ