ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে রেলওয়ের একজন পিএ অপারেটরকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (২৬ জুন) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি জয়নুল আবেদীন জানান, অভিযুক্ত সাইফুল ইসলাম গাইবান্ধার বাসিন্দা। ভুক্তভোগী নারীর বাড়ি কুড়িগ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার আগে কর্তব্যরত এনাউন্সার সাইফুল ইসলাম ওই নারীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ট্রেনে তুলে নেন। পরে ট্রেনের টয়লেটে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে আসামিকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ জানান, ট্রেনটি যখন কমলাপুর স্টেশনে অবস্থান করছিল, তখনই ঘটনাটি ঘটে। বগুড়ার সান্তাহার স্টেশনে পৌঁছে ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে তদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। যেহেতু ঘটনাস্থল ঢাকায়, তাই মামলা কমলাপুর রেলওয়ে থানায় করা হবে।

0 মন্তব্যসমূহ