রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর (মেন্দিরপুকুর) এলাকায় গত ১৫ দিনের মধ্যে অজ্ঞাত কারণে প্রায় ২০টি গরু মারা গেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ১২ লাখ টাকা।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই গরুগুলো অসুস্থ হয়ে পড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই মারা যাচ্ছে। মৃত্যুর আগে গরুর মুখ দিয়ে সাদা লালা বের হওয়া, হাত-পা ছোড়াছুড়ি করা এমন উপসর্গ লক্ষ করা যায়।
জানা যায়, নাসরুল হকের ২টি, সোহেল রানার ২টি, মিলন মিয়ার ২টি, এরশাদ মিয়ার ১টি, মজিদ মিয়ার ১টি, ফজলুল হকের ১টি, মমিনুরের ১টি, আজীজ মিয়ার ১টি, হাফিজুরের ১টি সহ আরও অনেকের গরু মারা গেছে।
পশুপালক নাসরুল হক জানান, ৮ ডিসেম্বর রাতে শব্দ শুনে গোয়ালে গেলে দেখি গরুটি হাত-পা ছোড়াছুড়ি করছে। কিছুক্ষণের মধ্যেই মুখ দিয়ে সাদা লালা বের হতে থাকে এবং দ্রুত মারা যায়। এভাবে আমার আগেও আরও অনেক গরু মারা গেছে। কেন এমন হচ্ছে, তা কোন ডাক্তারই বলতে পারছেন না।
স্থানীয় পশু চিকিৎসক কামাল বলেন, প্রাণীগুলো কী কারণে মারা যাচ্ছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে বিষক্রিয়ার সন্দেহ করা হচ্ছে। কিছু গরুর রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই সঠিক কারণ জানা যাবে।
মিঠাপুকুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন জানান, আমরা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। ভেটেরিনারি সার্জনসহ সচেতনতামূলক কার্যক্রম চলছে। আক্রান্ত গরুর স্যাম্পল ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই চিকিৎসা কার্যক্রম শুরু করা হবে।
এলাকাবাসী দ্রুত এই রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ