পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে পাথর সংগ্রহ করতে গিয়ে আব্দুর রশিদ (৬৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই এলাকার মৃত এমার উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও আব্দুর রশিদ করতোয়া নদীর পাথরঘাটায় পাথর তুলতে যান। পাথর তোলার ফাঁকে দুপুর ১টার দিকে তিনি দুপুরের খাবারও খেয়েছিলেন। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও অন্য শ্রমিকরা বাড়ি ফিরলেও রশিদ না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীর বিভিন্ন স্থানে তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পাথর সংগ্রহের এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয় এবং রাতে তাঁকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আব্দুর রশিদের মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

0 মন্তব্যসমূহ