পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর কাবিখা-কাবিটা প্রকল্পে ১৫ শতাংশ ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তা টাকা ছাড়া কোনো ফাইলে সই করেন না। এছাড়া প্রতিটি কাজের বরাদ্দ শুনে নির্দিষ্ট হারে কমিশন না দিলে শুরু হয় তর্ক। এ নিয়ে ইউপি সদস্যসহ জনপ্রতিনিধিরা তার ওপর অতিষ্ঠ হয়ে উঠেছেন।
সম্প্রতি ওই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস রুমে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য নিয়ে কমিশনের দেনদরবার ও ঘুষ গ্রহণের ভিডিও স্টার নিউজের হাতে এসেছে।
ভিডিওতে বাবুল চন্দ্র রায়কে মেম্বারদের সঙ্গে ঘুষ নিয়ে দেনদরবার করতে দেখা যায়। এসময় তিনি ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ নিচ্ছেন, এমন দৃশ্যও দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মেম্বার বলেন, প্রতিটি কাজের ক্ষেত্রে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ক্যালকুলেটরে গুনে ঘুষ নেন। আমরা যতই বলি স্যার কাজ শতভাগ করেছি তিনি বিশ্বাস না করে, জোর করেঘুষআদায় করেন। না হলে কোনো ফাইলে স্বাক্ষর করেন না। তার এমন আচরণে আমরা ইউপি সদস্যরা অতিষ্ঠ। আমরা এসবের বিচার চাই।
তবে এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, তারা কাজ না করে বিল নিতে আসছিল, তাই এসব কথা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাকে জানাব। একই সঙ্গে স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এ কর্মকর্তা।

0 মন্তব্যসমূহ