পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করেছেন এক তরুণী। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ডাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চিলাহাটি ইউনিয়নের গাইবান্ধাপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে সিমা আক্তার (১৮)-এর সঙ্গে একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের মজিদের ছেলে সুজন ইসলাম (২৩)-এর দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখন সুজন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন।
সিমা আক্তার বলেন, “চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। সুজন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সে বিয়ে না করলে আমার আর বেঁচে থাকার উপায় নেই।”
তিনি আরও অভিযোগ করেন, প্রেমিকের বাড়িতে গেলে সুজনের মা ও ভাই তাকে মারধর করে এবং টানা-হেঁচড়া করে বাড়ি থেকে বের করে দেন।
এ বিষয়ে সুজন ইসলামের দাদা জানান, সিমা তাদের বাড়িতে এলে পরিবারের সদস্যরা তাকে বের করে দেন। পরে তিনি সিমাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “চেয়ারম্যান ও মেম্বারদের জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন। বিয়ের সিদ্ধান্ত পরিবারের ব্যাপার।”

0 মন্তব্যসমূহ