প্রতিবেদক জাহেদ হাসান, কক্সবাজার:
কক্সবাজার সদর মডেল থানার দ্রুত ও তৎপর অভিযানে অভিযোগ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবসায়ীর চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সাথে জড়িত ১ জন আসামীকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউনিয়ন লিংকরোড গোলচত্বরের পশ্চিম পার্শ্বে রাস্তার ওপর থেকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবসায়ী মো. মোরশেদ (৪২)-এর ৩ পিস লাল ত্রিপাল এবং ৭৭০ পিস স্যাভলন সাবান চুরি হয়। চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩৫,০০০ (পঁয়ত্রিশ হাজার) টাকা।
ঘটনার পর আজ ২৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে বিকেল ৫:৩০ মিনিটে ভুক্তভোগী ব্যবসায়ী থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। থানার একটি বিশেষ আভিযানিক টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলী এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত ১ জন আসামীকে আটক করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ। পুলিশের এমন দ্রুততম সময়ের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবসায়ী।

0 মন্তব্যসমূহ