দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবার

 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন অন্তত ১৫টি পরিবার।


সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাহার ইউনিয়নের চৌধুরীপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয়দের ভাষ্য, একটি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে প্রবল বাতাসে আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


আগুনে এনামুল, সাদ্দাম, কুয়েত, মাসুদ, ইসলাম, মাহমুদসহ অন্তত ১৫টি পরিবারের বসতঘর পুড়ে যায়। এছাড়া নগদ অর্থ, ঘরে রাখা ধান, আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় মালামাল এবং কয়েকটি গবাদিপশুও আগুনে ভস্মীভূত হয়।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করারও সুযোগ পাননি তারা। কয়েক মিনিটের মধ্যেই বহু বছরের কষ্টার্জিত সম্পদ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। হঠাৎ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।  


এলাকাবাসীর বরাত দিয়ে সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আগুনে প্রায় ১৫ টি পরিবারের ৩০ থেকে ৩৫ টি ঘর পুড়ে গেছে। ঘরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র, ধান ও ডাবলি পশুসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের বিষয়ে ইউএনও স্যারকে জানানো হয়েছে।


এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপাতত প্রত্যেক পরিবারকে শুকনো খাবার এবং কম্বল দেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত হলে ঢেউটিনসহ অন্যান্য সরকারি সহায়তা প্রদান করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ